Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আমফান নিয়ে সতর্কবার্তা জারি কলকাতা পুলিশের, দেখে নিন নির্দেশিকা

Updated :  Tuesday, May 19, 2020 12:34 PM

এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। বুধবার সন্ধ্যের মধ্যে যা আছড়ে পড়বে স্থলভাগে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়কালে বায়ুর গতিবেগ ঘন্টায় ১৮০ থেকে ১৯৫ কিমি পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। ঘন্টায় ১৯৫ কিমি বেগের ঝড়ের তান্ডবে এলাকার পরিস্থিতি তছনছ হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে প্রবল বৃষ্টি সহ ঘন্টায় ১২০ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায়। যার জেরে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন।

ইতিমধ্যে, কলকাতা পুলিশের পক্ষ থেকে আমফান নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

-পুরাতন ও বিপজ্জনক বাড়িগুলো খালি করতে কলকাতা পুলিশের সদর দপ্তর থেকে থানা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

-একইসঙ্গে বড় হোর্ডিং খুলে ফেলতে নির্দেশ দিয়েছে লালবাজার।

-এলাকার বাসিন্দাদের সতর্ক করে ধারালো জিনিস খোলা অবস্থায় রাখতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ঝড়বৃষ্টি। ওড়িশা উপকূল থেকে ধীরে ধীরে তা এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে। দুপুরের পর থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টিও শুরু হয়ে যাবে। বিকেল থেকেই ঘন্টায় ৬০ থেকে ৬৫ কিমি ঝড় বইতে শুরু করবে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।