বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে চলেছে তামিলনাড়ুর রাজনীতি। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয় থলাপতির দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (TVK) ঘোষণা করেছে, ক্ষমতায় এলে বেকার যুবকদের জন্য মাসিক ₹৪০০০ ভাতা দেওয়া হবে। আর এই ঘোষণাতেই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পে মাসে ₹১৫০০ ভাতা দিচ্ছেন। সেই মডেলকে আরও বড় আকারে প্রয়োগ করতে চাইছে TVK। দলের সভাপতি বিজয় স্পষ্ট জানিয়েছেন, ২৫ বছর বা তার বেশি বয়সি স্নাতক বেকার যুবকদের দেওয়া হবে মাসিক ₹৪০০০। অন্যদিকে ডিপ্লোমা করা প্রার্থীরা পাবেন ₹২৫০০ করে আর্থিক সহায়তা।
তবে শুধু ভাতা দিয়েই থেমে থাকেননি বিজয়। যুবকদের কর্মসংস্থান বাড়াতে বেসরকারি সংস্থাগুলির জন্যও বড় প্রণোদনার ঘোষণা করা হয়েছে। যে সমস্ত কোম্পানি তাদের কর্মীদের অন্তত ৭৫ শতাংশ তামিল ভাষাভাষী নাগরিকদের মধ্যে থেকে নিয়োগ করবে, তাদের জন্য GST-তে ২.৫% ছাড়, বিদ্যুৎ বিলে ৫% ভর্তুকি এবং সরকারি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়াও রাজ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কড়া আইন আনার প্রতিশ্রুতি দিয়েছে TVK। বিজয়ের কথায়, “মাদকমুক্ত তামিলনাড়ু গড়তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” স্কুল ও কলেজে মাদকবিরোধী ক্লাব গঠন, কমিউনিটি পুলিশিং এবং সচেতনতা বাড়ানোর মতো পদক্ষেপও নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষণা এসেছে। দ্বাদশ শ্রেণি থেকে পিএইচডি স্তর পর্যন্ত পড়াশোনার জন্য শিক্ষার্থীদের ₹২০ লক্ষ পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দল। পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি এবং ‘TRADA’ আইনের আওতায় শূন্যপদ পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।
চেন্নাইয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ২৩৪টি আসনের জন্য প্রার্থী তালিকাও ঘোষণা করেন বিজয়। সেই মঞ্চ থেকেই তিনি যুবকদের কেন্দ্র করে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়—এই নির্বাচনে যুব ভোটই হতে চলেছে সবচেয়ে বড় ফ্যাক্টর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ‘যুবসাথী’ মডেলকে আরও বড় আকারে প্রয়োগ করে বিজয় সরাসরি তরুণ ভোটারদের টার্গেট করেছেন। এখন দেখার বিষয়, এই ‘₹৪০০০ ভাতা’ প্রতিশ্রুতি ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।










