News

পাহাড় হঠাৎ নদীতে! নেপালে ফের ভয়াবহ ধস, ভাইরাল ভিডিও ঘিরে নতুন আতঙ্ক

একটানা বৃষ্টির মধ্যেই কালীগন্ডকীর তীরে ধস, পাহাড়ের বিশাল অংশ নদীতে; নিখোঁজ ও মৃত্যুর খবর ঘিরে উদ্বেগ। ফের প্রকৃতির রোষে বিপর্যস্ত নেপাল। একটানা বৃষ্টির জেরে কালীগন্ডকী নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ধস নেমেছে। পাহাড়ের একটি বড় অংশ আচমকা ভেঙে নদীতে গিয়ে মিশেছে বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ের একটি অংশ আচমকা ভেঙে নীচের দিকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে মাটি, পাথর এবং ধ্বংসাবশেষ নদীর দিকে গড়িয়ে পড়তে শুরু করে। আশপাশে থাকা মানুষের চিৎকারও শোনা যাচ্ছে ভিডিয়োয়। ভয়াবহ সেই দৃশ্য দেখে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে।

বৃষ্টি, ধস, বন্যা—পর পর বিপর্যয়

গত কয়েক দিন ধরেই নেপালের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। গত রবিবারের ধসের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও ১৪ জনের নিখোঁজ থাকার খবর রয়েছে। তার মধ্যেই নতুন করে ধসের ঘটনায় উদ্বেগ বেড়েছে।

গত ২৬ অগস্ট ভয়াবহ হড়পা বানের জেরে নেপালের বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। বাড়িঘর, সেতু-সহ একাধিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। মানাং এবং মায়গিরি-সহ একাধিক এলাকা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

তুষারধসেও বিপর্যয়, নিখোঁজ ১০

শুধু ভূমিধস বা বন্যা নয়, তুষারধসও নতুন করে বিপদ ডেকে এনেছে হিমালয়ের এই দেশে। পশ্চিম নেপালের হিমলাং হিমালের বেস ক্যাম্পে রবিবার তুষারধসের ঘটনায় প্রায় ১০ জন নিখোঁজ হয়েছেন বলে খবর। একটানা বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বেশ কিছু এলাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে।

অভিযানের উদ্যোক্তা মিংমা গাইলজে শেরপা জানিয়েছেন, তাঁর দলের দু’জন সদস্যও নিখোঁজ। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, রবিবার সকালেই তুষারধস নামে।

পর পর প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত দিশেহারা নেপাল। এক দিকে পাহাড় ধসে নদীতে মিশছে বিস্তীর্ণ এলাকা, অন্য দিকে তুষারধস ও বৃষ্টিতে বাড়ছে বিপদের আশঙ্কা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ধসের ভিডিয়ো সেই আতঙ্ককেই আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Back to top button