আইপিএলের মঞ্চে এক অচেনা জসপ্রীত বুমরাহ! বিশ্বের অন্যতম সেরা পেসার হয়েও টানা তিন ম্যাচে উইকেটশূন্য—তাও আবার এক কিশোর ব্যাটারের কাছে ছক্কা খেয়ে। তৈরি হল বিরল এক ‘লজ্জার হ্যাটট্রিক’। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে ছক্কা খান বুমরাহ। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই একই ওভারে আরও একটি ছক্কা। শুরুতেই চাপে পড়ে যান মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা বোলার।

টানা তিন ম্যাচে উইকেটহীন
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি বুমরাহ। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৫ রান দিয়ে উইকেটহীন থাকেন। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১ রান দিলেও পাননি কোনও সাফল্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ রান খরচ করেও উইকেটের খাতা খুলতে পারেননি তিনি। ফলে টানা তিনটি ম্যাচে উইকেটহীন থাকার নজির গড়লেন বুমরাহ।
‘লজ্জার হ্যাটট্রিক’ কী?
আইপিএলে এই প্রথম নয়, এর আগেও এমন খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন বুমরাহ। ২০১৬ সালের আইপিএলেও টানা তিন ম্যাচে উইকেট পাননি। তারও আগে ২০১৪ সালে টানা চার ম্যাচ উইকেটশূন্য ছিলেন তিনি। অর্থাৎ, আইপিএল কেরিয়ারে তিন বার অন্তত তিনটি করে ম্যাচে উইকেটহীন থাকার নজির তৈরি হয়েছে—যাকে বলা হচ্ছে ‘হ্যাটট্রিকের হ্যাটট্রিক’।
অতীতেও ছিল একই সমস্যা
২০১৪ সালে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কেকেআর এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টানা উইকেট পাননি বুমরাহ। ২০১৬ সালেও হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে একই ঘটনা ঘটেছিল। এবার ২০২৬ আইপিএলেও সেই একই ছন্দপতন দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটেও একই নজির
শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন সময় গেছে বুমরাহর। ২০১৭-১৮ মরসুমে টানা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে উইকেট পাননি তিনি। যার মধ্যে দু’টি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং একটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
উদ্বেগ বাড়াচ্ছে পারফরম্যান্স
বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার হিসেবে পরিচিত বুমরাহর এই ফর্ম মুম্বই শিবিরের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ধরনের খারাপ সময় সাময়িক—ফিরে আসার ক্ষমতা বুমরাহ আগেও বহুবার দেখিয়েছেন।












