আইপিএল এখনও শেষ হয়নি। প্লে-অফের দৌড়েও আনুষ্ঠানিক ভাবে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পেয়েছেন কেকেআরের অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আর তা ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে কি অস্ট্রেলিয়া ধরেই নিয়েছে যে, কেকেআর এ বার প্লে-অফে উঠতে পারবে না?
আগেই শোনা যাচ্ছিল, পাকিস্তান সফরের জন্য এমন ক্রিকেটারদেরই বেছে নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া, যাঁদের ফ্র্যাঞ্চাইজি দলগুলির প্লে-অফে ওঠার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত ঘোষিত দলে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকেই। কারণ, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অস্ট্রেলীয় ক্রিকেটারকে এই সফরের দল থেকে বাদ রাখা হয়েছে শুধুমাত্র আইপিএলের প্লে-অফের কথা মাথায় রেখেই।
২৩ মে পাকিস্তান উড়ে যেতে হতে পারে গ্রিনকে
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ় শুরু হবে ৩০ মে থেকে। সেই সিরিজ় খেলতে দলের ক্রিকেটারদের ২৩ মে-র মধ্যেই পাকিস্তানে পৌঁছে যেতে হবে। ফলে গ্রিন যদি জাতীয় দলের সঙ্গে যোগ দেন, তা হলে কেকেআরের হয়ে তাঁর শেষ দু’টি লিগ ম্যাচ খেলা নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে।
২০ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচেই গ্রিনকে নাও পেতে পারে শাহরুখ খানের দল। বিশেষ করে যখন প্লে-অফের দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচই কার্যত ‘করো বা মরো’ পরিস্থিতি, তখন এই সম্ভাবনা কেকেআর শিবিরকে আরও চাপে ফেলতে পারে।
প্লে-অফ ভাবনায় কয়েক জনকে নিল না অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে নেই প্যাট কামিন্স, ট্রেভিস হেড, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড, টিম ডেভিড, কুপার কোনোলি কিংবা জ়েভিয়ার বার্টলেটের মতো ক্রিকেটাররা। এঁদের অধিকাংশই এমন ফ্র্যাঞ্চাইজ়িতে খেলছেন, যাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা এখনও প্রবল।
কামিন্স ও হেড খেলছেন সানরাইজ়ার্স হায়দরাবাদে। হেজ়লউড ও টিম ডেভিড রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। কুপার কোনোলি এবং জ়েভিয়ার বার্টলেট খেলছেন পঞ্জাব কিংসে। এই তিনটি দলই এখনও প্লে-অফের লড়াইয়ে যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে। তাই তাঁদের না নেওয়াকে অনেকেই কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন।
অন্য দিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মিচেল স্টার্ককেও দলে রাখা হয়নি। যদিও দিল্লির প্লে-অফ সম্ভাবনা প্রায় শেষের দিকে, তবু আগামী টেস্ট সূচির কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মার্শ-ইংলিস দলে, কারণ ছিটকে গিয়েছে লখনউ
অস্ট্রেলিয়া দলে আইপিএল থেকে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন এবং জশ ইংলিস। মার্শই এই সফরে দলের অধিনায়ক। মার্শ এবং ইংলিস দু’জনেই খেলছেন লখনউ সুপার জায়ান্টসে। ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ। ফলে তাঁদের জাতীয় দলে ডাকলে কোনও সমস্যাই তৈরি হচ্ছে না।
কিন্তু কেকেআর এখনও আনুষ্ঠানিক ভাবে বিদায় নেয়নি। তাই গ্রিনকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে স্বাভাবিক ভাবেই। অনেকের মতে, ক্রিকেট অস্ট্রেলিয়া হয়তো বাস্তব পরিস্থিতি বিচার করেই ধরে নিয়েছে যে, কেকেআরের শেষ চারে ওঠার সম্ভাবনা অত্যন্ত কম। যদিও অঙ্কের হিসাবে এখনও সুযোগ রয়েছে নাইটদের সামনে।
কেকেআরের সামনে কঠিন সমীকরণ
এই মুহূর্তে কেকেআরের সামনে সমীকরণ বেশ কঠিন। শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তার উপর যদি দলের গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটারকে শেষ মুহূর্তে হারাতে হয়, তা হলে প্লে-অফের লড়াই আরও জটিল হয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত কেকেআর বা ক্যামেরন গ্রিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তিনি শেষ দু’টি ম্যাচ খেলবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা বজায় রয়েছে।













