নববর্ষ উপলক্ষ্যে শীতের মিঠে রোদ গায়ে মেখে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে ছবি তুলে অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani goswami) পোস্ট করলেন ইন্সটাগ্রামে। তাঁর পরনে ছিল আকাশী রঙের ফ্লোরাল প্রিন্টেড কোল্ড শোল্ডার ম্যাটারনিটি ড্রেস। মধুবনীর বেবি বাম্প বলে দিচ্ছে, সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। সম্প্রতি নিজের বিউটি পার্লারের প্রচার করার জন্য নিজের চুলে সোনালি রঙ করেছেন মধুবনী। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে মধুবনী লিখেছেন, তাঁর মতো চুল ও স্কিন চাইলে অবশ্যই তাঁর বিউটি পার্লারে আসতে।
কিছুদিন আগেই মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।
স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও মধুবনীর বিউটি পার্লারে সেভাবে ভিড় জমছে না।














