কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু কয়েক দিনের মধ্যেই বদলে গেল ছবিটা। টানা তিন ম্যাচে হেরে শুধু শীর্ষস্থানই হাতছাড়া করল না শ্রেয়স আইয়ারের দল, একই সঙ্গে আরও জমে উঠল প্লে অফের লড়াই। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৩ রানে হেরে চাপে পড়ে গেল পাঞ্জাব। অন্যদিকে এই জয়ের সুবাদে পয়েন্ট টেবলের এক নম্বরে উঠে এল হায়দরাবাদ।
ট্রাভিষেকের ঝড়
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড়প্রমাণ স্কোর তোলে সানরাইজার্স। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাঞ্জাব বোলারদের উপর চাপ তৈরি করেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। মাত্র সাড়ে তিন ওভারে ওপেনিং জুটিতে ৫৪ রান তুলে দেন তাঁরা। অভিষেক ১৩ বলে ৩৫ রান করে ফিরলেও ট্রাভিস হেড ১৯ বলে ৩৮ রান করে দলকে মজবুত ভিত গড়ে দেন।
ক্যাচ মিসের খেসারত
তবে ম্যাচের মোড় ঘুরে যায় পাঞ্জাবের একের পর এক ক্যাচ মিস এবং ফিল্ডিং ব্যর্থতায়। অষ্টম ওভারে মাত্র ৯ রানে থাকা ঈশান কিষানের ক্যাচ ফেলেন কুপার কনোলি। এরপর হেনরিখ ক্লাসেনের সহজ ক্যাচ ফেলেন শশাঙ্ক সিং। একাদশ ওভারে আবার দু’বার জীবন পান ঈশান। একবার ক্যাচ ফেলেন লকি ফার্গুসন, পরে সহজ স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন প্রভসিমরন সিং। সেই সুযোগের পুরো ফায়দা তোলেন ঈশান ও ক্লাসেন। দু’জনে মিলে মাত্র ৪৮ বলে ৮৮ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে পাঞ্জাবকে কার্যত ম্যাচের বাইরে ঠেলে দেন। ঈশান কিষান ৩২ বলে ৫৫ রান করেন। অন্যদিকে ক্লাসেনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস। শেষদিকে নীতীশ রেড্ডির ১৩ বলে অপরাজিত ২৯ রান সানরাইজার্সকে আরও বড় স্কোরে পৌঁছে দেয়। পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি মার খেলেন মার্কো জানসেন এবং বিজয়কুমার বৈশ্যক।
কনোলির একার লড়াই
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব কিংস। মাত্র ২৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেই পরিস্থিতিতে একাই লড়াই চালান কুপার কনোলি। দুরন্ত শতরান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৫৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না এই তরুণ ব্যাটার। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় বড় জুটি গড়তে পারেনি পাঞ্জাব। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০২ রানেই থেমে যায় তাদের ইনিংস। সানরাইজার্সের হয়ে দু’টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং শিবাঙ্গ কুমার।
কেকেআরের চাপ বাড়ল
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে পাঞ্জাবের পয়েন্ট ১৩। প্রথম থেকেই টেবলের শীর্ষে থাকা পাঞ্জাব টানা তিন হারের ধাক্কায় এখন চাপে। ফলে প্লে অফের লড়াই আরও উত্তেজক হয়ে উঠেছে। সবচেয়ে বড় ধাক্কা অবশ্য কলকাতা নাইট রাইডার্সের জন্য। মরশুমের শুরুতে প্রথম ছ’ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে কার্যত নিজেদের পথ কঠিন করে ফেলেছিল কেকেআর। এখন পাঞ্জাবের হারের পর পয়েন্ট টেবলের সমীকরণ আরও জটিল হয়ে যাওয়ায় নাইটদের প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে গেল। বাকি ম্যাচগুলোতে শুধু জিতলেই হবে না, অন্য দলগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে কলকাতাকে।














