Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mondal: খালি গলায় ‘টাপা টিনি’ গান গেয়েই চর্চার আলোয় রানু মন্ডল, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, May 22, 2022 10:43 AM

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে যায় বহু মানুষের মাঝে। তৈরি হয় ঠুনকো সম্মানের প্রাচীর। যার জন্য এখন তিনি আর স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না। প্রতিমুহূর্তে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাময়িক জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরনো জায়গাতেই।

বর্তমানের ইউটিউবারদের কাছে রানু মন্ডল একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য প্রায়ই বহু ইউটিউবাররা পৌঁছে যান রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে। সেখানেই তার অদ্ভুত কান্ডকারখানাগুলোকে ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দেন তারা, যা ভাইরাল হয় নিমেষে। এই ভিডিওগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে থেকে থেকেই তুমুল কটাক্ষের শিকার হন তিনি। তবে এর প্রতিবাদও জানান বহু নেটিজেন। কারণ অনেকের মতে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে কখনোই এইভাবে অপদস্ত করা উচিৎ নয়। তবে একবার এক সাক্ষাৎকারে রানু মন্ডল নিজেই জানিয়েছিলেন, সবাই নিজের ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স এবং লাইক বাড়াতে আসে, কেউ তার খিদের খোঁজ রাখেনা। খিদের জ্বালায় অনেকসময় খারাপ ব্যবহার করে ফেলেন অনেকের সাথে, আর সেগুলোর জন্যই তাকে প্রায়ই কটাক্ষ হতে হয় নেটদুনিয়ায়।

তবে সম্প্রতি রানু মন্ডল আবারো চর্চার আলোয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। ছবির প্রত্যেকটি গান আগে থেকেই মানুষের মন জয় করে নিয়েছে। এক বিপুল জনপ্রিয়তাও অর্জন করেছে দর্শকদের মাঝে। তারমধ্যে ‘টাপা টিনি’ অন্যতম জনপ্রিয় একটি গান। সম্প্রতি এই গানটিই গাইতে শোনা গিয়েছে রানু মন্ডলকে। আর সেই সূত্র ধরেই চর্চার আলোয় তিনি।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ‘পপুলার আপডেটস্’ নামের ইউটিউব চ্যানেল থেকে দুদিন আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই ভিডিও দেখে ফেলেছেন কয়েকশো মানুষ। নেটিজেনদের একাংশের মধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি। এই ভিডিওটির সূত্র ধরে আবারো কিছু নেটনাগরিকের মাঝে প্রতিবারের মতোই কটাক্ষের শিকার তিনি।