Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সূর্যর পর ভারতের ক্যাপ্টেন কে? শ্রেয়সকে টপকে দৌড়ে এগিয়ে এই বিশ্বকাপজয়ী তারকা

Updated :  Sunday, May 10, 2026 12:24 PM

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়লেন শ্রেয়স আইয়ার। ২০২৫ সাল থেকে IPL-এ দুরন্ত পারফর্ম্যান্স, একের পর এক ধাক্কা সামলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে পৌঁছে দেওয়া এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পর অনেকেই মনে করেছিলেন, সূর্যকুমার যাদবের পরে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন শ্রেয়স। কিন্তু সাম্প্রতিক একাধিক রিপোর্টে উঠে এসেছে অন্য নাম। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসন।

কেন এগিয়ে সঞ্জু স্যামসন?

চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার আগেই ভারতের জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু। টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। IPL-এও ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করছেন এই উইকেটকিপার-ব্যাটার। ইতিমধ্যেই চলতি মরশুমে করেছেন দু’টি শতরান।

তবে শুধুমাত্র ব্যাটিং পারফর্ম্যান্স নয়, ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে সঞ্জুকে এগিয়ে রাখার পিছনে আরও কয়েকটি বড় কারণ রয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন তিনি। ওপেনিং থেকে মিডল অর্ডার— দলের প্রয়োজনে একাধিক পজ়িশনে ব্যাট করেছেন। অফ ফর্মে থাকলেও নির্বাচকদের ভরসা হারাননি।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৯৯ রান করেছেন সঞ্জু। এর পাশাপাশি IPL-এ রাজস্থান রয়্যালসকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমানে ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনিই প্রথম পছন্দ বলে মনে করা হচ্ছে। ফলে সূর্যকুমার যাদবের পরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সঞ্জুর হাতে যেতে পারে বলেই জোর জল্পনা ক্রিকেট মহলে।

কেন পিছিয়ে গেলেন শ্রেয়স আইয়ার?

অন্য দিকে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকলেও দীর্ঘদিন জাতীয় দলের টি-টোয়েন্টি সেট-আপের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের ডিসেম্বরের পর আর ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। এমনকি সাম্প্রতিক বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি তাঁর।

বিশেষজ্ঞদের একাংশের মতে, যে ক্রিকেটারের জাতীয় দলে জায়গাই এখনও নিশ্চিত নয়, তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিতে চাইবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই অধিনায়ক হওয়ার দৌড়ে সঞ্জুর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন শ্রেয়স।

সূর্যের পরে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা

সূর্যকুমার যাদব বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন নেতৃত্ব গড়ে তুলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সঞ্জু স্যামসনের নাম উঠে আসছে বলে দাবি একাধিক রিপোর্টের। এখন দেখার, আগামী সিরিজগুলোতে নির্বাচকদের সিদ্ধান্ত কোন দিকে যায়।