Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতা, অভিষেককে সব সমাজমাধ্যমে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ! মোদী-শাহকে ‘ফলো’ শুরু

Updated :  Sunday, May 10, 2026 4:09 AM

রাজ্যে সরকার পরিবর্তনের আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে বড় রদবদল নজরে এল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর ‘ফলো’ করছে না কলকাতা পুলিশ। পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁদের দফতরের সরকারি অ্যাকাউন্টকে ‘ফলো’ করতে শুরু করেছে লালবাজারের সরকারি সমাজমাধ্যম হ্যান্ডল。

বর্তমানে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট মোট ৪২টি অ্যাকাউন্ট ‘ফলো’ করছে। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দফতর এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু। তার পর থেকেই কলকাতা পুলিশের সমাজমাধ্যমের কার্যকলাপে এই পরিবর্তন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

ভোটের ফলের পর প্রশাসনিক বদলের ইঙ্গিত

গত সোমবার, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। সেই নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। ফল ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন চোখে পড়ছে। কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যম অ্যাকাউন্টের ‘ফলো’ তালিকায় পরিবর্তনও সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্য দিকে, ৯ মে দুপুর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল এবং ফেসবুক পেজে তাঁর পরিচয়ে এখনও ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ লেখা দেখা গিয়েছে। যদিও নির্বাচনের ফল প্রকাশের পর তিনি কার্যত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মর্যাদায় রয়েছেন।

বদল নিরাপত্তা ব্যবস্থাতেও

ফল ঘোষণার পর থেকেই মমতার নিরাপত্তা ঘিরেও বেশ কিছু পরিবর্তন সামনে এসেছে। মঙ্গলবার তাঁর বাড়ির গলির মুখে থাকা ‘সিজ়ারস ব্যারিকেড’ তুলে নেয় পুলিশ। আগে ওই এলাকায় প্রবেশ করতে গেলে পরিচয়পত্র দেখানো থেকে শুরু করে নানা ধরনের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হত সাধারণ মানুষকে। এমনকি স্থানীয় বাসিন্দাদেরও সঙ্গে আধার কার্ড রাখতে বলা হত বলে জানা যায়। পরে লালবাজারের তরফে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা বজায় থাকবে, তবে অতিরিক্ত কড়াকড়ি থাকবে না।

একই ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও পুলিশি প্রহরা সরিয়ে নেওয়া হয়েছে। শান্তিনিকেতনে তাঁর বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে স্ক্যানার-সহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক সরঞ্জাম। রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে মমতা ও অভিষেককে ‘আনফলো’ করার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।