Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্ষমতায় এসেই কড়া অ্যাকশন! গরু পাচার বন্ধে রাতারাতি বড় সিদ্ধান্ত নতুন সরকারের

Updated :  Monday, May 11, 2026 1:24 AM

রাজ্যে সরকার পরিবর্তনের পরেই বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। বহুদিন ধরে আলোচনায় থাকা গরু পাচার (Cow Smuggling) রুখতে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের (CP) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওভাবেই বেআইনি গরু পাচার চলতে না পারে। পাশাপাশি রাজ্যের কোথাও যাতে অবৈধ গরুর হাট চালু না থাকে, সেই বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের রাজনৈতিক মহলের মতে, সরকার গঠনের পর এত দ্রুত এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ গরু পাচার মামলা দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। বিশেষ করে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই মামলায় একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। ফলে নতুন সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক কড়াকড়ির বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় সবচেয়ে বেশি চর্চায় এসেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। ২০২২ সালের ১১ অগস্ট তাঁকে এই মামলায় গ্রেফতার করেছিল CBI। পরে ২০২৩ সালে একই মামলায় তাঁর কন্যাকেও গ্রেফতার করে ED। দীর্ঘদিন তিহাড় জেলে থাকার পর একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। তদন্তকারী সংস্থার দাবি ছিল, জামিন পেলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। যদিও বর্তমানে CBI এবং ED— দুই মামলাতেই জামিন পেয়েছেন তিনি।

তবে এই মামলায় শুধুমাত্র তৃণমূল নেতাদের নামই ওঠেনি। বিজেপির বনগাঁ দক্ষিণের নেতা পরিতোষ মহালদারের নামও গরু পাচার মামলায় জড়িয়েছিল বলে জানা যায়। ২০১৭ সালের একটি মামলায় তাঁর নাম উঠে আসে। ফলে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এখন প্রশ্ন উঠছে, নতুন সরকার আদৌ কতটা সফলভাবে এই বেআইনি চক্র বন্ধ করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বাড়ানো, বেআইনি গরুর হাট বন্ধ করা এবং পুলিশ প্রশাসনকে সরাসরি দায়বদ্ধ করার মাধ্যমে সরকার বড় বার্তা দিতে চাইছে। এখন দেখার, বাস্তবে এই পদক্ষেপ কতটা কার্যকর হয়।