Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫ বছরের কম বয়সি শিশুর আধার কার্ডে নয়া নিয়ম, এবার বাধ্যতামূলক বাবা-মায়ের বায়োমেট্রিক যাচাই

Updated :  Monday, May 11, 2026 7:45 AM

৫ বছরের কম বয়সি শিশুদের আধার কার্ড তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। এতদিন শুধুমাত্র শিশুর ছবি এবং বাবা-মায়ের নথিপত্রের ভিত্তিতে ‘বাল আধার’ তৈরি করা যেত। তবে এবার থেকে সেই প্রক্রিয়ায় যোগ হতে চলেছে বাবা কিংবা মায়ের বায়োমেট্রিক যাচাই। সরকারি সূত্রের দাবি, আধার ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, শিশুর আধার কার্ড তৈরি করার সময় বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনের বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক হতে পারে। এর মাধ্যমে শিশুর পরিচয় এবং অভিভাবকের বৈধতা আরও নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হবে বলে মনে করছে UIDAI।

শিশুর আধার কার্ড তৈরিতে কী কী নথি লাগবে?

UIDAI সূত্রে জানা গিয়েছে, ৫ বছরের কম বয়সি শিশুর আধার কার্ড তৈরি করতে হলে এখন থেকে বাবা-মায়ের বৈধ আধার কার্ড থাকা জরুরি। পাশাপাশি প্রয়োজন হবে শিশুর জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। নতুন নিয়ম কার্যকর হলে আধার কেন্দ্রে গিয়ে আবেদন করার সময় বাবা অথবা মায়ের একজনকে নিজের আঙুলের ছাপ এবং চোখের স্ক্যান অর্থাৎ বায়োমেট্রিক যাচাই করাতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে যে আবেদনকারী ব্যক্তি শিশুটির আইনত অভিভাবক।

কেন জরুরি শিশুর আধার কার্ড?

বর্তমানে বহু গুরুত্বপূর্ণ কাজেই ছোট শিশুদের আধার কার্ড প্রয়োজন হচ্ছে। স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, সরকারি প্রকল্পে আবেদন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বিভিন্ন সঞ্চয় প্রকল্পে শিশুর আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও ভবিষ্যতে বিভিন্ন সরকারি সুবিধা পেতে আধার কার্ড প্রয়োজন হতে পারে। তাই অনেক অভিভাবকই শিশুর জন্মের পর দ্রুত আধার তৈরি করিয়ে নিচ্ছেন।

কীভাবে তৈরি করবেন বাল আধার?

৫ বছরের কম বয়সি শিশুর আধার কার্ড তৈরি করতে হলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে শিশুর জন্ম শংসাপত্র, বাবা-মায়ের আধার কার্ড এবং প্রয়োজনীয় পরিচয়পত্র। এরপর বাবা বা মায়ের মধ্যে একজনের বায়োমেট্রিক যাচাই সম্পন্ন হলে আবেদন গ্রহণ করা হবে। সব তথ্য সঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই শিশুর আধার কার্ড তৈরি হয়ে যাবে।