রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। বিশেষ করে যারা এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পেতেন, তাঁদের একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের অর্থ পাঠানো হবে。
নবান্নে অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তিনি বলেন, যাঁরা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী, তাঁদের নতুন করে আবেদন করার কোনও প্রয়োজন নেই। পুরনো তথ্যের ভিত্তিতেই টাকা পাঠানো হবে।
কারা নতুন করে আবেদন করবেন?
মন্ত্রী স্পষ্ট করেছেন, যাঁরা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান না বা ওই প্রকল্পের উপভোক্তা নন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে। সেই উদ্দেশ্যে খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। ওই পোর্টালের মাধ্যমেই নতুন আবেদনকারীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন。রাজ্য সরকারের দাবি, আবেদন প্রক্রিয়া যাতে সহজ হয়, সেই দিকেই জোর দেওয়া হচ্ছে। ফলে বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন মহিলারা。
সিএএ ও এসআইআর ট্রাইবুনালের আবেদনকারীরাও পাবেন সুবিধা
অগ্নিমিত্রা পাল আরও জানান, যাঁরা সিএএ-র মাধ্যমে আবেদন করেছেন এবং এসআইআর ট্রাইবুনালে আবেদন জমা দিয়েছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। সরকারের তরফে তাঁদের আবেদনও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে。
একাধিক পুরনো ভাতা প্রকল্প বন্ধের ঘোষণা
অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি এদিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, ধর্মীয় ভিত্তিতে আর কোনও ভাতা প্রকল্প চালু রাখা হবে না। সেই কারণে পুরোহিত ভাতা, ইমাম ভাতা এবং মোয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলি আগের তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল。
উল্লেখ্য, ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন। তবে নতুন সরকার সেই নীতিতে পরিবর্তন আনছে বলেই ইঙ্গিত মিলেছে。
যুবশক্তি প্রকল্প নিয়েও জল্পনা
যদিও ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলে জল্পনা, জুন মাস থেকেই হয়তো এই প্রকল্পও চালু হতে পারে। সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।









