অনেকেই ট্রেনের বদলে এবার বাসে করে পুরী যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য এ বার এল বড় সুখবর। ওড়িশা সরকারের পরিবহণ সংস্থা নতুন অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা চালু করেছে আসানসোল থেকে পুরী রুটে। শুধু আরামদায়ক যাত্রাই নয়, মহিলাদের জন্য থাকছে ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ও। ফলে জঙ্গলমহল ও সংলগ্ন এলাকার যাত্রীদের কাছে এই পরিষেবা ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আসানসোল থেকে সরাসরি পুরী ভলভো বাস
ওড়িশা সরকারের পরিবহণ সংস্থা ORSTC-এর তরফে চালু হয়েছে অত্যাধুনিক Volvo 9600s বাস পরিষেবা। ‘জগন্নাথ এক্সপ্রেস’ নামে পরিচিত এই বাসটি সরাসরি আসানসোল থেকে পুরী পর্যন্ত চলবে। দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও আরামদায়ক ও নিরাপদ করতে আধুনিক সুবিধা রাখা হয়েছে বাসে। এই পরিষেবা বিশেষভাবে উপকৃত করবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহল এলাকার যাত্রীদের। কারণ এতদিন পুরী যেতে অধিকাংশ যাত্রী ট্রেনের উপর নির্ভর করতেন। এবার রাতের বাস পরিষেবার মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যাবে জগন্নাথধামে।
বাসের সময়সূচি ও স্টপেজ
জানা গিয়েছে, আসানসোল থেকে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে ‘জগন্নাথ এক্সপ্রেস’। এরপর বাসটি দুর্গাপুর হয়ে রাত ৯:৩০ নাগাদ বাঁকুড়ায় পৌঁছাবে। তারপর বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, মেদিনীপুর, খড়গপুর, বালেশ্বর, কটক ও ভুবনেশ্বর হয়ে পুরীতে পৌঁছাবে। যাত্রাপথে বিষ্ণুপুরে প্রায় ৩০ মিনিটের হল্ট রাখা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। ফলে খাবার বা বিশ্রামের সুযোগও মিলবে।
মহিলা যাত্রীদের জন্য বিশেষ ছাড়
এই বাস পরিষেবার সবচেয়ে বড় আকর্ষণ হল মহিলা যাত্রীদের জন্য বিশেষ ছাড়। সাধারণভাবে বাসটির ভাড়া প্রায় ১২৫০ টাকা। পুরুষ যাত্রীদের সম্পূর্ণ ভাড়াই দিতে হবে। তবে মহিলা যাত্রীদের জন্য ভাড়া রাখা হয়েছে মাত্র ৬৫০ টাকা। অর্থাৎ প্রায় অর্ধেক দামে পুরী যাওয়ার সুযোগ মিলছে। ওড়িশা সরকারের এই উদ্যোগকে অনেকেই মহিলা যাত্রীদের জন্য বড় সুবিধা বলে মনে করছেন। বিশেষ করে পরিবার বা দল বেঁধে ভ্রমণে গেলে খরচ অনেকটাই কমে যাবে।
বাসে মিলবে আধুনিক সুবিধা
‘জগন্নাথ এক্সপ্রেস’ বাসে থাকছে পুশব্যাক সিটিং ব্যবস্থা। দীর্ঘ যাত্রাপথে যাতে যাত্রীরা আরামে থাকতে পারেন, তার জন্য বিশেষভাবে আরামদায়ক সিট রাখা হয়েছে। এছাড়া বাসটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থাতেও সজ্জিত বলে জানা গিয়েছে।
কীভাবে বুক করবেন টিকিট?
টিকিট বুকিংয়ের জন্য যাত্রীদের ORSTC-এর নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। খুব শীঘ্রই অনলাইন বুকিং পরিষেবাও চালু হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে আসানসোল থেকে পুরী যাওয়ার ক্ষেত্রে এই নতুন ভলভো বাস পরিষেবা আগামী দিনে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।









