Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাতভর প্রবল বৃষ্টি কলকাতা ও শহরতলিতে, আজ দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

Updated :  Thursday, August 27, 2020 8:38 AM

কলকাতা : রাতভর প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলিতে। আজ বৃহস্পতিবারও দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যে নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত সেটির অবস্থান আপাতত ওড়িশার রাউরকেলায়। আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণে ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷

রাত থেকেই কলকাতা ও শহরতলিতে শুরু হয়েছে বৃষ্টি ৷ সারাদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ৷ বৃষ্টি চলবে নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানেও ৷ আজ, বৃহস্পতিবার সারাদিন দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। রাজ্যের পশ্চিমের চার জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে। সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সর্তকতা।

এই প্রাকৃতিক দুর্যোগের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী চার দিন ধরে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিসগড়েও প্রবল বৃষ্টির সর্তকতা। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে মূলত প্রভাব পড়বে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৷ আজ, বৃহস্পতিবার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা ।