Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ! এক ধাক্কায় বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

Updated :  Tuesday, May 12, 2026 1:12 PM

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা করেছিলেন। পাশাপাশি নারী সুরক্ষা নিয়েও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মদের দোকান নিয়ে বড় পদক্ষেপ করল তাঁর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ৭১৭টি মদের দোকান বন্ধ হতে চলেছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা মদের দোকানগুলি আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। জনসাধারণের সুবিধা ও সামাজিক পরিবেশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার।

কী জানানো হয়েছে নির্দেশিকায়?

সরকারের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা TASMAC বর্তমানে রাজ্যে মোট ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। এর মধ্যে ২৭৬টি দোকান মন্দিরের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশেপাশে অবস্থিত। এই সমস্ত দোকানই এবার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের রাজস্বের একটি বড় অংশ আসে TASMAC-এর মদ বিক্রি থেকে। জানা গিয়েছে, ২০২৫ সালে শুধুমাত্র মদ বিক্রি থেকেই প্রায় ৪৮ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। তবুও জনস্বার্থের কথা ভেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি প্রশাসনের।

ইডির নজরে ছিল TASMAC

উল্লেখ্য, গত বছর থেকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিভিন্ন কাজকর্ম ইডির নজরে আসে। অর্থ পাচারের অভিযোগে কর্পোরেশন ও তার সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল। ইডির দাবি, TASMAC-এর কাজে বহু অসঙ্গতি ও বেনিয়ম রয়েছে। তদন্তে হাজার কোটি টাকার ‘হিসাব বহির্ভূত’ নগদ লেনদেনের তথ্যও উঠে এসেছে বলে দাবি করা হয়। পরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

জোটের সমর্থনে সরকার গঠন

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। থালাপতি বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। পরে কংগ্রেস, বাম দল, ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে সরকার গঠন করে টিভিকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিয়ে চর্চায় রয়েছেন বিজয়।