রাজ্যে বিধানসভা ভোটের দু’দিন আগে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রচারক নায়িকা নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় নুসরত জাহানকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
কীসের জন্য তলব নুসরতকে?
সূত্রের খবর, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরতের নাম সামনে এসেছে। বাংলাদেশে গম পাচার দুর্নীতি নিয়ে যে সময় বিস্তর অভিযোগ ওঠে, সেই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। অভিযোগ, পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে যোগসূত্র থাকতে পারে তাঁর। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীরা মনে করছেন, এই মামলার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে তাঁর কাছ থেকে।
দিল্লিতে হাজিরার আবেদন
আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, সূত্রের খবর নুসরত জাহান দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার ঠিক আগের দিন এই তলব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শাসকদলের অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও নুসরত জাহান বা তৃণমূল কংগ্রেসের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মিললে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।










