চৈত্রের শেষ থেকে ক্রমেই বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। চড়া রোদ এবং ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস দশা সর্বত্র। এমনিতেই ভোটের আবহে রাজ্যের পরিস্থিতি গরম, তার উপর এই উষ্ণ আবহাওয়া পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তুলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে।
কেন বাড়ছে গরম?
আবহাওয়া দফতরের মতে, উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর উপকূলীয় ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। পাশাপাশি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া প্রবাহিত হওয়ায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে এবং আর্দ্রতার কারণে অস্বস্তিও বৃদ্ধি পাচ্ছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
রবিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ ও তীব্র রোদের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়বে। উপকূলীয় জেলাগুলিতে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। কিছু জায়গায় লু-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে সম্পূর্ণ ভিন্ন চিত্র। উত্তর প্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাফ বা আপার এয়ার সার্কুলেশন তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কী বলছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করেছে যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রঝড় ও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ করে বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের সময় অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়াতে বলা হয়েছে সাধারণ মানুষকে। পাশাপাশি পর্যাপ্ত জল পান এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।










