Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে দুর্যোগ! ৬০ কিমি বেগে বইবে ঝড়, আগামীকালের আবহাওয়া

Updated :  Wednesday, May 6, 2026 12:08 PM

এপ্রিলের তীব্র দাবদাহের পর ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) আবারও ঝড়-বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখা অত্যন্ত জরুরি।

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া

এপ্রিলের শুরু থেকেই পশ্চিমবঙ্গ-সহ দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে উত্তর, উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে গরমের তীব্রতা চরমে পৌঁছেছিল। পশ্চিমবঙ্গেও প্রখর রোদের তাপে নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল সাধারণ মানুষের। তবে এপ্রিলের শেষ দিক থেকে পরপর কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে কালবৈশাখী এবং বৃষ্টির দাপট।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গাঙ্গেয় বঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেল থেকেই নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকেই মেঘ জমতে শুরু করবে। অনেক জায়গাতেই বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। তবে বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা খানিকটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে।

সতর্কতা কী বলছে?

আবহাওয়া দফতর সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ, গাছের নীচে বা জলাশয়ের আশেপাশে না থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদেরও ফসল সুরক্ষিত রাখার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।