রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার বাংলায় চালু হতে চলেছে কেন্দ্রের বহুচর্চিত পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। মূলত ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত কারিগর ও হস্তশিল্পীদের আর্থিকভাবে শক্তিশালী করতেই এই প্রকল্প চালু করা হচ্ছে। শুধু ঋণই নয়, মিলবে প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম কেনার টাকা, এমনকি ডিজিটাল লেনদেনের জন্য আলাদা ইনসেনটিভও।
নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, পিএম শ্রী-র পাশাপাশি বিশ্বকর্মা যোজনাও বাংলায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে রাজ্যের লক্ষাধিক কারিগর এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হল ৩ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ। প্রথম ধাপে ১ লক্ষ টাকা এবং পরে দ্বিতীয় ধাপে আরও ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। সুদের হার রাখা হয়েছে মাত্র ৫ শতাংশ। এছাড়াও প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ই-ভাউচারও মিলবে।
সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ১৮ ধরনের ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষ আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছেন ছুতোর, কামার, কুমোর, স্বর্ণকার, দর্জি, নাপিত, রাজমিস্ত্রি, মুচি, ধোপা, ঝুড়ি প্রস্তুতকারক-সহ আরও অনেকে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাঁকে স্বনিযুক্ত হতে হবে।
তবে সরকারি চাকরিজীবী বা তাঁদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া গত পাঁচ বছরে PMEGP, Mudra বা PM SVANidhi প্রকল্পের ঋণ নিয়ে থাকলে এই যোজনায় আবেদন করা যাবে না। একটি পরিবার থেকে একজনই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
অনলাইনে আবেদন করতে হলে PM Vishwakarma Portal-এ গিয়ে আধার ও মোবাইল নম্বরের মাধ্যমে KYC সম্পূর্ণ করতে হবে। এছাড়া নিকটবর্তী CSC সেন্টার থেকেও অফলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, যার মাধ্যমে পরে স্ট্যাটাস চেক করা যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাংলার গ্রামীণ ও প্রান্তিক এলাকার বহু কারিগরের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ দীর্ঘদিন ধরে অর্থাভাবে পিছিয়ে থাকা ছোট শিল্প ও ঐতিহ্যবাহী পেশাগুলি এই প্রকল্পের মাধ্যমে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।










