রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। আগামী জুন মাস থেকেই এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। এবার সেই সঙ্গে বড় সুখবর মিলল প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও। সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। আবেদন পদ্ধতি সহজ করতে অনলাইন ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।
দ্বিগুণ হতে চলেছে বার্ধক্য ভাতা
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। বর্তমানে প্রবীণ নাগরিকরা মাসে ১ হাজার টাকা করে ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই ভাতা বাড়িয়ে মাসে ২ হাজার টাকা করা হতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক প্রবীণ নাগরিক সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর।
বাড়ছে বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতাও
শুধু বার্ধক্য ভাতাই নয়, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য দেওয়া আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। সরকার সূত্রে খবর, আগামী দিনে এই দুই ক্ষেত্রেও মাসিক ভাতা ২ হাজার টাকা করা হবে। ফলে রাজ্যের বহু মানুষ সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
অনলাইনেই করা যাবে আবেদন
অন্যদিকে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়াকেও আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে সরকার। জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য আলাদা অনলাইন পোর্টাল তৈরি করা হচ্ছে। সেই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও একটি পোর্টাল তৈরি করা হয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত চালু হয়নি। এবার নতুন করে অনলাইন আবেদন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। সরকারি ঘোষণা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে। ফলে এখন থেকেই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পগুলি নিয়ে বাড়ছে আগ্রহ।








