রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের আবহে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক তথা প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ফল ঘোষণার দু’দিন পর সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির কথা জানান তিনি।
২০২১ সালে শুরু রাজনৈতিক সফর
২০২১ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন রাজ। তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার ভোটে লড়ে জয়ী হন তিনি। এরপর পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারেও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে তথ্যচিত্র পরিচালনাও করেছিলেন তিনি।

হারের পর বড় সিদ্ধান্ত
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুরনো কেন্দ্র ব্যারাকপুর থেকেই ফের প্রার্থী হলেও জয় পাননি রাজ। ফল প্রকাশের দু’দিন পরেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন তিনি।
সমাজমাধ্যমে রাজ লেখেন, “জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১ সালে রাজনৈতিক জীবনে পদার্পণ করি। মানুষ আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। পাঁচ বছর ধরে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেই অধ্যায় শেষ হল ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা।”
বিজেপিকে শুভেচ্ছা রাজের
একই সঙ্গে নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রাজ লেখেন, “বাংলার মানুষের মতামতে নতুন সরকার এসেছে। আগামী ৯ মে তারা শপথ নেবে। তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে। মানুষের সমস্যার সমাধান হবে।”
গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা
ভোটের প্রচারের সময় ব্যারাকপুরে রাজের রোডশো ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। তবে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্রের বাইরে তাঁকে ঘিরে উত্তেজনার ঘটনাও সামনে আসে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তোলা হয় এবং কাদা-ঘুঁটেও ছোড়া হয়। যদিও এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি রাজ।
শুভশ্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট
অন্যদিকে, স্বামীর পরাজয়ের পর সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি রাজকে তাঁদের জীবনের ‘নায়ক’ বলে উল্লেখ করেন। অনেকের মতে, সেই পোস্টের মাধ্যমে রাজের মনোবল অটুট রাখার বার্তাই দিতে চেয়েছিলেন অভিনেত্রী।










