দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। এর মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর প্রবণতা বাড়তে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমে গরম থেকে স্বস্তি মিলতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে ঝাড়খণ্ড ও ওড়িশার দিক হয়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার দিকে প্রবেশ করছে। এই পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত উষ্ণ ও আর্দ্র থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে বিকেলের পর কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা বেশি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গে কী পরিস্থিতি?
উত্তরবঙ্গেও মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা জোরালো। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, পরবর্তী সময়ে ফের বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
স্বস্তি মিলবে কি?
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পরিমাণ বাড়লে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। এতে ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ। তবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।








