বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা। বৈশাখ শেষের পথে হলেও এখনও পর্যন্ত তীব্র গরমের দাপট সেভাবে অনুভব করতে হয়নি রাজ্যবাসীকে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে এবার ধীরে ধীরে বদলাতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল বুধবার বৃষ্টি হলেও বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি। আবহাওয়াবিদদের মতে, দিনের বেলায় রোদের তেজ বাড়লেও বিকেলের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কিছু জেলায় বৃষ্টি হতে পারে। ফলে গরম ও বৃষ্টির জোড়া প্রভাবে বাড়বে অস্বস্তিও।
দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। অন্যদিকে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় থাকবে চড়া রোদের দাপট।
বাড়বে তাপমাত্রা
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ পৌঁছতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণেই ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হতে পারে। দুপুরের পর থেকে বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন আবহাওয়াই বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।











